প্যারডি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্যারডি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

ছোট্ট শহরের আড্ডা

ছোট্ট শহরের আড্ডা

অরেগন স্টেটের এই ছোট্ট শহর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। হেথায় বসত করে দেশি কিছু ভাই, ইহাদের চাওয়া পাওয়া বেশি কিছু নাই। কেউ চলে সাদাসিধা, আলাভোলা মন, কারও বেশ উন্নত বসন-ভূষণ। বয়েসের ছাপ নাই কিছু চেহারায়, সেজেগুজে ইতিউতি ঘুরিয়া বেড়ায়, প্রতিবেলা পরনেতে নতুন কাপড়, কচি কচি চেহারার বুড়ো বুড়ো বর। অফুরান দম ভরা আছে ফুসফুসে। মনে হয় পা দিলো সে কেবল একুশে। প্রতিদিন আড্ডায় কতো কথা হয়, আড্ডার বিষয় তো ফুরাবার নয়। কারও বা “ধর্ম” প্রিয়, কারো “খেলা” প্রীতি, কারও শুধু ভালো লাগে “দেশ,রাজনীতি”। কেউ বেশ বাকপটু, চাপা জোড়দার, মানিতে চাহেনা কভূ বিতর্কে হার। কেউ বড় চুপচাপ শান্ত স্বভাব, কারও কবি-কবি ভাব, কবিতার অভাব। পাড়ার ধামড়া ছেলে মোরা ভাই ভাই, এক সাথে খেলি আর মসজিদে যাই, জামা’আতে নামাজ পড়ি, রোদ কি বারিষ, কাছে থাকি, তবু হয় দু’রাকাত মিস্‌। মসজিদ প্রাঙ্গণে ফোটে কতো ফুল, গন্ধ শুঁকতে গিয়ে টের পাই ভুল। মসজিদে দুই বেলা আড্ডার ছলে, উঠানেতে রাখি চোখ ডুমুরের ফলে। কেউ মোরা লিকলিকে, কেউ যেন হাতি, গাছে উঠে পেড়ে খাই ফল নাশপাতি। বিষ্যুদবারে রাতে ইফতার খাই, খেতে খেতে হেসে বলি, “রোজা রাখি নাই।” তারিক মোঃ নাসিম ২০ সেপ্টেম্বর, ২০২৪ ইং

বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

শেখের তরী

শেখের তরী

সড়কে গরজে "শেল", ঘন ধোঁয়াশা।
পথ পানে চেয়ে আছি, বুকে হতাশা।
সারি সারি ট্রাকে ভরা
“গান” হাতে এলো তারা,
রাজপথে খুনধারা
বহে সহসা;
কাঁদিতে কাঁদিতে জাতি হারায় ভাষা।

অজস্র কচি মুখ থামিয়ে খেলা,
ন্যায়ের দাবিতে নেমেছিল সে বেলা,
নিমেষেই দেখি চেয়ে
সরকারী গুলি খেয়ে
দেহগুলো খুনে ছেয়ে
লাশের মেলা।
পুত্র হারায়ে মা-টি কাঁদে একেলা।

“গান” নিয়ে, ছুড়ি হাতে যে আসে তেড়ে!
মুখোশের আড়ালেতে চিনি উহারে।
মেরে-কেটে চলে যায়,
জনগণ নিরুপায়,
দেশ লুটে পুটে খায়
সে জানোয়ারে,
জানি গো পাঠালো কোন্‌ "বুড়ি" তাহারে।

হায়া নাই, লাজ নাই! হীন সে বুড়ি!
আমারি ভাইয়ের খুনে রাঙালো চুড়ি!
নিকৃষ্ট সে হৃদয়,
সততার অভিনয়,
মিছা মাতে, কথা কয় -
গাঞ্জাখুড়ি।
দেশবাসী জানে তার ছলচাতুরী।

যতো চায় লুটে খায় অর্থ কড়ি,
উজার করিল দেশ, "নৌকা" ভরি'।
"চেতনা"র ধোঁয়া তুলে,
আদর্শ, নীতি ভুলে,
অহম-দম্ভে ফুলে
ঘুরায়ে ছড়ি,
লুটে পুটে লয়ে যায় শেখের তরী।

বেচে দিতে চাও দেশ কোন্ বিদেশে!
কী খেলা খেলিছ তুমি সর্বনেশে! 
হে দিক-ভ্রান্ত “নাও”
এবার ক্ষ্যান্ত দাও।
আর কত দিতে চাও
পরের দেশে
মায়ের রক্ত শুষে, জালিম বেশে?

---
তারিক মোঃ নাসিম
২৪ জুলাই, ২০২৪


published here on Facebook.

শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

নৌকাডুবি

নৌকাডুবি

 
“নাও” পুড়াইয়া দে,
BAL উড়াইয়া দে,
দপদপাইয়া জ্বলুক রে “নাও”
পদ ছাড়িয়া দিয়া রে আজ পথ ছাড়িয়া দিয়া।

বাংগালি দামালি ছাওয়ে নাওয়ের বাদাম ফাঁড়ে,
আরে নাওয়ের বাদাম ফাঁড়ে,
উথালি পাথালি খুন ছলাৎ ছলাৎ করে,
বুকে ছলাৎ ছলাৎ করে।
আরে খলখলাইয়া হাইসা উঠে
“নৌকা”র হালত চাইয়া, হাসে “নৌকা”র হালত চাইয়া।

---

পুনশ্চঃ “দল-শিবিরের” লোকজন আবার আমার প্রেমে হাবুডুবু খাইয়েন না। আপনাদের উদ্দেশ্যে -

“ইশারায় (ধানের) শীষ দিয়ে আমাকে ডেকো না,
মদূদীর চোখ দিয়ে আমাকে দেখো না।”

আমাদের দরকার টোটাল রিফর্ম, গুয়ের এই পিঠ ওই পিঠ কোনোটার গন্ধই আমরা নিতে চাই না।

published on this Facebook post.

সোমবার, ৪ জুন, ২০১৮

'সামার'


সে রাতে ঘুমাতে গিয়ে গুরু’র সাথে সাক্ষাৎ (অবশ্যই স্বপ্নে)।
গুরুমশাই বললেনঃ কিরে বৎস কেমন আছিস?
আমি বললাম, গুরুজী, দিনকাল চলে যাচ্ছে কোনরকম।
গুরুজিঃ এরিজোনায় কী করিস?
আমিঃ উচ্চশিক্ষার্থে এসেছি গুরু, তবে আপনার মতোই অবস্থা, পড়ালেখায় মন নাই। দেশে ফিরে যেতে ইচ্ছা করে, সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করতে ইচ্ছা করে।
গুরুজিঃ লক্ষণ তো ভালো না। আমি নাহয় জমিদার বংশের লোক ছিলাম, এইসব করে পার পেয়ে গিয়েছি; তোর তো কিছুই নাই, এইসব খামখেয়ালি করে পরে বিপদে পড়বি। পড়াশুনায় মন দে। আর পাশাপাশি একটু আধটু লেখালেখি চালিয়ে যা।
আমিঃ অবশ্যই, গুরুজি। আপনার উপদেশ শিরোধার্য।
গুরুজিঃ তুই যেহেতু এরিজোনায় আছিস, গ্রীষ্মকাল, মরুভূমি এইসব নিয়ে লিখতে পারিস। আষাঢ়, বৃষ্টি-বাদল, সবুজ-শ্যামল প্রকৃতি এইসব নিয়ে আমি তো অনেক লিখেছি, গ্রীষ্ম নিয়ে খুব একটা লেখা হয়নি।
আমিঃ লিখেছেন তো মনে হয় কিছু। এই মুহুর্তে বিরহ কবিতাটা’র এই লাইনগুলো মনে পড়ছেঃ
“তুমি যখন চলে গেলে
          তখন দুই - পহর—
সূর্য তখন মাঝ - গগনে,
           রৌদ্র খরতর।”
গুরুজিঃ আরে, ওটা তো গ্রীষ্ম নিয়ে লেখা না…।
আমিঃ তা অবশ্য ঠিক,  তবে ভালো ভাবে আপনার রচনাবলী খুঁজে দেখলে হয়ত আরও কিছু পাবো।
গুরুজিঃ হ্যাঁ খুঁজে দেখতে পারিস।
আমিঃ একটা কাজ অবশ্য করা যায়, আপনার ‘আষাঢ়’ কবিতাটা’র আদলে গ্রীষ্মকাল নিয়ে একটা ‘উত্তরাধুনিক’ প্যারডি লিখতে পারি, যদি আপনার অনুমতি পাই … ।
গুরুজিঃ লিখে ফেল। এতে আবার এতো অনুমতি চাইবার কী আছে।

এরপর ঘুম ভেঙ্গে গেল। উঠেই লিখে ফেললাম এই ‘প্যারবি’।

-------------------------------------

‘সামার’

নীল নবঘনে ‘সামার’-গগনে কোনো মেঘ আজ নাহি রে,
ওরে, আজ পোড়া যাস্‌নে ঘরের বাহিরে।
তপনের তাপ আজি বড় খর,
তপ্ত ধরাতে জান মরমর,
শানিত কিরণে চক্ষু মেলিয়া কোন সাহসে আমি চাহিরে।
ওরে, আজ পোড়া যাস্‌নে ঘরের বাহিরে।

রৌদ্রে পুড়িয়া, ঘর্মে ভিজিয়া ভুত-সদৃশ সাজি রে।
উত্তাপে হলো ঘিলু-মস্তক ভাজি রে।
বহিছে লূ-হাওয়া ভুবন জুড়িয়া
দাবদাহে যায় চর্ম পুড়িয়া,
এহেন গরমে লাগেনা তো ভালো করিতে কোন কাজই রে।
উত্তাপে হলো ঘিলু-মস্তক ভাজি রে।

পিচ-‘গলা’ এই পথটারে মোরা কেউ কভু ভালোবাসি নাই,
দেখ, আজ কারোও মুখে হাসি নাই।
যেদিকে তাকাই দেখি মরু ধু ধু
বিধাতার কাছে প্রার্থনা শুধু
বসন্ত-প্রাতে অনুভূত সেই বায়ু যেন বারো মাসই পাই।
দেখ, আজ কারও মুখে হাসি নাই।

সূর্য দেবতা জ্বলিছে গগনে দেখো ওই ‘ফুল-ব্রাইট’-এ।
ওরে, আজ তোরা যাস্‌নে রে ‘সান-লাইট’-এ।
চামড়া পুড়ায়ে কী লাভ হবে?
রবিরে ডরায়ে র’বি ঘরে সবে।
‘শ’কুড়ি উঠিল তাপমাত্রা আজকে ‘ফারেনহাইটে’,
ওরে, আজ তোরা যাস্‌নে রে ‘সান-লাইট’-এ।

-------------------------------------

তারিক মোঃ নাসিম
এরিজোনা
২২ জৈষ্ঠ্য, ১৪২৫ বঙ্গাব্দ।

#প্যারবি
#তারিক_নাসিম

(এই লেখা ফেসবুকে'র 'পেন্সিল' নামক গ্রুপে প্রকাশিত হয়েছিল)

সোমবার, ৮ আগস্ট, ২০১১

বিকৃত/বিক্রীত সুখ

    -মরনানন্দ দে
      অধুমপায়ীরে ডাকি করিয়া বড়াই,
 ধুমপায়ী কহে, "আমি তোরে কি ডরাই?"
     তুই ব্যাটা কি বুঝিস্‌ জীবনের মানে,
  আমি জানি কি যে সুখ প্রতি সুখ-টানে।"
     একবুক ধোঁয়া টানি কহে ফের হাসি,
 "আমি না জীবনটাকে বড় ভালবাসি।"

    অধুমপায়ী বেচারা দিয়া মৃদু সায়,
 নাসিকা চাপিয়া কহে,"সন্দেহ কি তায়!
    বড় ভাল অভ্যাস, একদম খাসা,
      যদিও ফলাফল মহা সর্বনাশা।
    দয়া করে মরো গিয়ে নির্জন স্থানে,
  আমারে করোনা সাথী এই বিষপানে।"

বুধবার, ১ জুন, ২০১১

সুখের জীবন

--কমন রায়
অবিবাহিত জন,
ভ্রমে কি কখন,
বিবাহ বেদন বুঝিতে পারে?
কি যাতনা বিয়ে,
বুঝিবে সে কি- এ,
কেহ পরিণয়ে বাঁধেনি যারে?